প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান। এ সময় দলীয় নেতাকর্মী, পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপস্থিতির মধ্যে তানভীরও সেখানে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীরের পরিচয় শনাক্ত করে তাকে খুঁজতে শুরু করে। পরে বুধবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মিরপুর পরিদর্শনের সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ছড়িয়ে পড়া ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না এবং তিনি কীভাবে প্রধানমন্ত্রীর এত কাছে পৌঁছেছিলেন, সে বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ