ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন রোগী।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৯৯০ জনে।

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তর ও বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে রক্তচাপ কমে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা, পেটে ব্যথা, বারবার বমি কিংবা রক্তক্ষরণের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম চললেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে মশক নিধন কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ নিউজ