অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়।
সেখান থেকে বিমানে ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার তিনি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্র জানিয়েছে, রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছিল। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সহকর্মী, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে তাঁকে দেখতে যান।
ভূমিমন্ত্রী নিজেও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন।

