সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতির পাশাপাশি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সাধারণ আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
অবকাশ শেষে বিচারিক কার্যক্রম শুরুর প্রথম দিনে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের একটি প্রচলিত রীতি।

