ঢাকা জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পূজাকে কেন্দ্র করে জেলার কোথাও বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় পূজা কমিটির সঙ্গেও সমন্বয় রাখা হয়।
বিসর্জন পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত ছিল। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে জেলা পুলিশ।

