রাজধানীর গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৪৫ নম্বর সড়কের প্রতিষ্ঠানটিতে অভিযান শুরু হয়। সোমবার (২৬ অক্টোবর) এনবিআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় তিন ঘণ্টার অভিযানে অ্যালকোহলের সংগ্রহের উৎস, মজুত ও বিক্রির নথি যাচাই করা হয়। এনবিআরের ভাষ্য, উচ্চ শুল্কের পণ্য সংগ্রহ ও বিক্রিতে শুল্ক-কর ফাঁকির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে।
বিক্রির ক্ষেত্রে ভ্যাট, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে দেখানো এবং সংশ্লিষ্ট লেনদেনে অ/র্থপাচারের যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই অভিযানের উদ্দেশ্যের মধ্যে ছিল।
সিআইসি, কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা এবং ভ্যাট গোয়েন্দা সংস্থা অভিযানে অংশ নেয়। সহযোগিতা করে এসআরবি-১।
জব্দ পণ্যের নির্দিষ্ট পরিমাণ ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির অঙ্ক তখনো প্রকাশ করা হয়নি। এসব বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানোর কথা বলেছে এনবিআর।

