সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার হোটেলের বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড ঝুলিয়ে সার ডিলারের লাইসেন্স বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খুকনি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকরাম হোসেনের বিরুদ্ধে।
সার ডিলার নিয়োগের নীতিমালা অনুযায়ী নিজস্ব গুদাম থাকা বাধ্যতামূলক হলেও, বাস্তব অবস্থার তোয়াক্কা না করে হোটেলকেই গুদাম হিসেবে দেখিয়ে এই লাইসেন্স নেওয়া হয়। শুক্রবার (৬ নভেম্বর) এশিয়া পোস্ট নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজার বাসস্ট্যান্ডে আকরাম হোসেনের পরিচালিত খাবার হোটেলের বেসিনের সামনের স্থানটিকে সারের গুদাম হিসেবে দেখানো হয়েছে। হোটেল ম্যানেজার ও অভিযুক্ত ডিলার আকরাম হোসেন স্বীকার করেছেন যে বর্তমানে হোটেলটি চালু আছে এবং সারের বরাদ্দ পেলে এটিকে গুদামে রূপান্তর করা হবে। এদিকে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, আবেদনকারীর দুটি গুদাম রয়েছে এবং তদন্ত সাপেক্ষে নিয়ম মেনেই লাইসেন্স দেওয়া হয়েছে। তবে ভিন্ন ঠিকানায় গুদাম দেখিয়ে এবং খাবার হোটেলের ভেতরে সারের গুদামের সাইনবোর্ড ঝুলিয়ে লাইসেন্স পাওয়ার ঘটনায় কৃষি অফিসের তদন্ত প্রক্রিয়া নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবরিনা শারমিন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

