নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী গ্রাম পুলিশদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৃণমূল পর্যায়ের অপরাধ এবং পরিস্থিতির আগাম তথ্য দিয়ে গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি গ্রাম বা ইউনিয়ন নিরাপদ থাকলে সামগ্রিকভাবে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে গ্রাম পুলিশের পরিচয়গত পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে ‘মহল্লাদার’ হবেন গ্রাম পুলিশ এবং ‘দফাদার’ হবেন গ্রাম পুলিশ প্রধান। একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি ও স্বস্তি নিশ্চিত করতে গ্রাম পুলিশ বাহিনীকে আরও কঠোর ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

