গ্রাম পুলিশের বেতন-ভাতা ও সুবিধা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

গ্রাম পুলিশ বাহিনীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার মানোন্নয়নে বেতন, আনুতোষিক, যাতায়াত এবং মোবাইল ভাতা বাড়ানোর একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণ করা এবং প্রতি পাঁচ বছরের পরিবর্তে সাড়ে তিন বছর পরপর নতুন বাইসাইকেল দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সারা দেশ থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশের উপস্থিতিতে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ভাতা ও সুবিধার নতুন হার:

  • মাসিক বেতন: সাধারণ গ্রাম পুলিশের (মহল্লাদার) বেতন ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের (দফাদার) বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১১,০০০ টাকা করা হয়েছে।

  • আনুতোষিক ভাতা: সাধারণ সদস্যদের ৭০,০০০ টাকার স্থলে ৮০,০০০ টাকা এবং প্রধানদের ৮০,০০০ টাকার পরিবর্তে ১ লাখ টাকা করা হয়েছে।

  • যাতায়াত ও মোবাইল ভাতা: থানায় যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে ৫০০ ও ৬০০ টাকা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়া হবে।

  • অন্যান্য সুবিধা: প্রতিটি ইউনিয়নে দুইজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ, তাঁদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ইউনিয়নের ‘গ্রাম পুলিশ সড়কে’ সামাজিক বনায়নের গাছ বিক্রির লভ্যাংশ গ্রাম পুলিশদের মধ্যে বিতরণের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। গ্রামীণ জনগোষ্ঠীর শান্তিশৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে গ্রাম পুলিশকে নিরপেক্ষ, জনবান্ধব ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আট বিভাগের শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ নিউজ