গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে নীরব জয় ছিনিয়ে এনেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। এই জয়ের পেছনে জাহাঙ্গীর আলমের কারিশমা কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই। নানা কারণে ভোটাররা ছিলেন ত্যক্ত বিরক্ত। যে কারণে অর্ধেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি।
বৃহস্পতিবার নির্বাচনে মা জায়েদা খাতুন গাজীপুরের মেয়র নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম। তাঁকে এ সময় বেশ উৎফুল্ল মনে হয়েছে। জাহাঙ্গীর আলম বলেছেন, এখানে নৌকার জয় হয়েছে, পরাজয় হয়েছে ব্যক্তির। মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তাঁর মা জায়েদা প্রার্থী হয়েছিলেন। কিন্তু ঋণখেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীর আলমের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন তিনি। কিন্তু ভোটের লড়াইয়ে কার্যত আজমত উল্লার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর। মায়ের পক্ষে দিনরাত প্রচার চালিয়েছেন তিনি। অন্যদিকে আজমত উল্লাও নির্বাচনী প্রচারে যা বলেছেন, এর প্রায় সবই ছিল জাহাঙ্গীরকেন্দ্রিক।
মাকে নিয়ে নির্বাচনী যুদ্ধে জয়ী জাহাঙ্গীর আলম হয়তো সরাসরি চেয়ারের বসার সুযোগ পাবেন না। কিন্তু তাঁর স্বশিক্ষিত মা তো বসছেন। সিটির সমুদয় কাজের নারীনক্ষত্র জানা জাহাঙ্গীর আলমের। ফলে পেছন থেকে তিনিই যে মেয়রের দায়িত্ব পালন করবেন তা সহজেই অনুমেয়। তিনি শুধু একজন স্বতত্র বিজয়ী মেয়রের ছেলে তাই নয়, আওয়ামী পরিবারেরই সদস্য। ফলে তাঁর জন্য মাকে সহযোগিতা করার বিষয়টি স্পষ্ট। তিনি বলেছেন তাঁর মাকে সঙ্গে নিয়ে নগরটি গড়বেন।
বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমি জন্মের পর থেকেই আওয়ামী লীগ করি। আমি এখানকার আওয়ামী লীগের পরীক্ষিত ব্যক্তি। মানুষ আমার মায়ের পাশে দাঁড়িয়েছে। আমি ও আমার মা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আমরা সবার সহযোগিতা নিয়ে একটা সুন্দর শহর গড়ে তুলব।’
নিজের সর্বোচ্চটা দিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালনে মাকে সহযোগিতা করবেন বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগরে পরিণত করব। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের পাশে ছিলেন। সবাই আমাদের জন্যদোয়া করবেন।’

