এক মাসের ব্যবধানে ডলারের দাম আবার বাড়ল, ৫ কোটি ডলার কমল রিজার্ভ 

বিশেষ প্রতিনিধি
spot_img
spot_img

কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম আরও দেড় টাকা বাড়িয়েছে। ফলে এখন ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা করে। এক মাস আগে ছিল ১০৪ টাকা ৫০ পয়সা।

বৃহস্পতিবার থেকে নতুন বাড়তি দর কার্যকর করা হয়েছে। ওইদিন থেকেই রপ্তানি বিল এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা ও রেমিট্যান্স ৫০ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা দরে কিনছে। রপ্তানি, রেমিট্যান্স ও কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নতুন দামে ৪ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করে ওইদিন।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির দায় ও বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। ডলারের দাম বৃদ্ধির ফলে আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের খরচ আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

এর আগে গত ২ মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম দেড় টাকা বাড়িয়ে ১০৪ টাকা ৫০ পয়সা করে। ২ মের আগে তারা ডলার বিক্রি করত ১০৩ টাকা দরে।

এদিকে গত এক সপ্তাহে রিজার্ভ‌ও কমেছে ৫ কোটি ডলার ।‌ বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ কমে দাঁড়ায় ২ হাজার ৯৯২ কোটি ডলার। এর এক সপ্তাহ আগে ২৫ মে রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৭ কোটি ডলার। বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হওয়ায় রিজার্ভ কমছে। এক বছরের হিসাবে রিজার্ভ কমেছে ১ হাজার ২২৮ কোটি ডলার। গত বছরের ৩১ মে রিজার্ভ ছিল ৪ হাজার ২২০ কোটি ডলার।

রেমিট্যান্স‌ও কমেছে। রেমিট্যান্স কমায় রিজার্ভে চাপ আরও বাড়তে পারে ধারণা করা হচ্ছে। কারণ রেমিট্যান্স কমায় ব্যাংকে ডলারের প্রবাহ কমে যাবে।

চলতি অর্থবছরের মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। গত মে মাসে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ডলার। গত বছরের একই মাসে এসেছিল ১৮৮ কোটি ডলার। গত এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১৬৮ কোটি ডলার। এপ্রিলের তুলনায় মে মাসে রেমিট্যান্স ১ কোটি ডলার বেড়েছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় কমেছে ১৯ কোটি ডলার।

সর্বশেষ নিউজ