তামিম অনুপস্থিত, ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচের কথা আপাতত ভুলে যেতে চাইবে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ দলের ব্যাটাররা। আফগান বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। যার ফলে বৃষ্টি আইনে ১৭ রানের ব্যবধানে হার মানতে বাধ্য হয়েছে তারা।

দ্বিতীয় ম্যাচে কী করবে বাংলাদেশ? তামিমের অনুপস্থিতি কি আজকের ম্যাচে প্রভাব ফেলবে? ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? আজ দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। গাজী টিভি এবং টি-স্পোর্টস সরাসরি দেখাবে খেলাটি।

তামিম ইকবালের নাটকীয় অবসর ঘোষণা এবং ২৪ ঘণ্টা পর তার ফেরার ঘোষণা- সবকিছু মিলিয়ে দলের মধ্যেও এর একটা ভালো প্রভাব পড়তে পারে। ক্রিকেটারদের মধ্যে একটা মানসিক ধাক্কা লাগতে পারে। সেই ধাক্কা সামলে রশিদ খানদের আজ কিভাবে মোকাবেলা করে বাংলাদেশ দল, সেটাই এখন দেখার বিষয়।

ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও চাচ্ছেন, তামিমের ঘটনা ভুলে খেলায় মনযোগ দিতে। এ কারণে গতকাল সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলে দিলেন, ‘দেখুন, উনি (তামিম ইকবাল) আগের ম্যাচে ছিলেন কিন্তু এই ম্যাচে নেই। এমন যদি হতো যে উনি ইনজুরিতে, আমরা কিন্তু ওনার বিকল্প নিয়েই খেলতাম। আপনারাও হয়তো এই প্রশ্ন করতেন না। সুতরাং আমার মনে হয় না কোনো পরিবর্তন আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’

সিরিজ জয়ের দিকেই সমস্ত মনযোগ লিটনের। তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস এখন সিরিজটি কিভাবে জিততে পারি। সিরিজ জেতার চেয়েও বড় জিনিস আগামীকাল কিভাবে ভালো খেলতে পারি।’

সিরিজে সমতা ফেরাতে হলে কী করতে হবে, সেটা জানিয়ে দিয়েছেন লিটন। তিনি জানান, মাঝের ওভারগুলোয় ভালো খেলতে হবে। লিটন বলেন, ‘আমরা যারা মিডল ওভারে ব্যাটিং করেছি, তারা কিন্তু খুব বেশিক্ষণ স্পিন খেলতে পারিনি। আমরাও জানি, মিডল ওভারে ওদের প্রধান অস্ত্র স্পিন। ওই সময়ে আপনি যত কম উইকেট হারাবেন, তত বেশি খেলায় থাকবেন।’

তামিম না থাকায় নিজেদেরকে আরও সুবিধাজনক অবস্থানে মনে করছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য সিরিজ জিতে নেওয়ার দারুণ এক সুযোগ। দলও এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর। তামিমের অবসরও আমাদের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে। ও না থাকাতে আশা করি আমাদের সুবিধাই হবে।’

(এইদিনএইসময়//৮জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ