নয় মাস পর বান্দরবানের রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। শুক্রবার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে, রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার রুমা ও থানচি উপজেলায় দেশি–বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের আগে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া খুবই দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াতে নিরুৎসাহিত করা হয়।
এর আগে ২০২২ সালের ১৭ অক্টোবর থেকে এসব অঞ্চলে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে দেশে-বিদেশি পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদমেও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ক্রমান্বয়ে রোয়াংছড়ি-রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বহাল ছিল।
(এইদিনএইসময়/১৪জুলাই/এলএ)

