নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১১তম প্রয়াণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জননন্দিত কথাসাহিত্যিক ও বরেণ্য নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ। ২০১২ সালের এই দিনটিতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর এত বছর পরও পাঠক, দর্শকদের হৃদয়ে নিজের সব অমর সৃষ্টির মাধ্যমে গেঁথে আছেন তিনি।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। ডাক নাম কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা গৃহিণী।

তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্যলেখক। উপমহাদেশের বরেণ্য এই লেখক নির্মাণেও নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়।

তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদসংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’ প্রভৃতি। পরিচালনা করেছেন অনেক জনপ্রিয় নাটক।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন। হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে আজ নুহাশপল্লীতে থাকছে নানা আয়োজন। পাশাপাশি লেখকের জন্মস্থানসহ সারা দেশেই থাকছে  হুমায়ূন ভক্তদের নানা আয়োজন।

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। অনুষ্ঠানে থাকবে হুমায়ূন আহমেদ-এর গানের বিশেষ পরিবেশনা। দুপুর ১টা ০৫ এ প্রচার হবে ‘এবং সিনেমার গান’। এখানেও হুমায়ূন আহমেদের গানের বিশেষ পরিবেশনা থাকবে। বিকাল ৫টা ২০ মিনিটে ইফতেখার মুনিমের প্রযোজনায় হুমায়ূন আহমেদের নাটক ও উপন্যাসের জনপ্রিয় চরিত্রগুলোর অংশগ্রহণে থাকছে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘প্রয়াণের একযুগ পর আমরা’।

(এইদিনএইসময়/১৯জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ