মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণা কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রবিবার (২৩জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শফিকুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান এবং ডিএনসিসি উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারোয়ার।
২০২৬ সালের জুন মাস পর্যন্ত মেয়াদী এ সমঝোতার আওতায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা ও অন্যান্য কারিগরি সহায়তা দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ কাজে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ব্যবহার করবে ডিএনসিসি৷ চুক্তির আওতায় গবেষণাগারে মাইক্রোস্কোপ ও কম্পিউটার প্রদানের মাধ্যমে এটিকে আধুনিকায়ন করতে সহায়তা করবেন তারা। পাশাপাশি ডিএনসিসি থেকে দুজন কর্মকর্তা-কর্মচারী এখানে দায়িত্ব পালন করবেন। সমঝোতার আওতায় পরবর্তীতে ডিএনসিসিতে বিভিন্ন চাকরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
সফলভাবে এর কার্যকারিতার সাপেক্ষে এ সমঝোতার মেয়াদ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার৷ তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক স্থাপন করা না হলে একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যেতে পারে না। ডিএনসিসিকে আমরা কারিগরি ও একাডেমিক সহায়তা দিবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গবেষণা কার্যক্রমে উৎসাহিত হবে।’
এসময় উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ সমঝোতার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আমরা তাদেরকে সহায়তা করতে পারবো।’
(এইদিনএইসময়/২৩জুলাই/তাবী)

