গাইবান্ধা সদর উপজেলার ২৫ জন অসহায়-দরিদ্রকে বিনামূল্যে অটোভ্যান দেয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি উপকারভোগীদের মাঝে এসব অটোভ্যান বিতরণ করেন।
অটোভ্যান বিতরণ শেষে হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, বেকারমু্ক্ত গাইবান্ধা সদর উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে মুজিববর্ষের উপহার প্রদানের ধারাবাহিকতায় আজ ২৫ ব্যক্তিকে অটোভ্যান দেওয়া হলো। এ নিয়ে কয়েক দফায় মোট ১১১ দরিদ্র ব্যক্তির মাঝে অটোভ্যান দেওয়া হলো। পরবর্তীতে আরও সুবিধাভোগীদের মাঝে অটোভ্যান বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে এই সাড়ে ১৪ বছরে বেকার জনগোষ্ঠীদের বিভিন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, আসিফ সরকারসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(এইদিনএইসময়/২৬জুলাই/এলএ)

