মধ্যরাতে থানায় রাজনৈতিক মামলার দুই আসামির ওপর হারুনের নির্মম নির্যাতনের বর্ণনা

সাইফুল্লাহ্ তারেক
spot_img
spot_img

রাজধানীর মৌচাক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক কর্মসূচি থেকে ১৭ জনকে গ্রেফতার করে রমনাসহ আশেপাশের কয়েকটি থানায় নিয়ে যাওয়া হয়। ৩১ ডিসেম্বর রমনা, রামপুরা, হাতিরিঝিল, শাহাজাহানপুর থানা থেকে নতুন মামলা দিয়ে এক-একজনকে এক এক থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে প্রোডাকশন পাঠায়।

আইনজীবীগণ রিমান্ড শুনানির জন্য প্রস্তুতি নিয়ে প্রতিদিনের জিআর মামলার থানাভিত্তিক নতুন জুরিশডিকশন অনুযায়ী কোর্টগুলোতে ভাগ হয়ে যান। আমার রমনা থানার জুরিশডিকশন কোর্টে যাওয়ার সুযোগ হয়। সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকি, রিমান্ড শুনানির জন্য অভিযুক্তদের কোর্টে তুলবে। কিছু সময় অপেক্ষা করার পরই কোর্ট পুলিশ কয়েকজনকে বাহুমোড় করে এনে কোর্টের ডকে ঢুকায়। আমরা খুব উদ্বিগ্নের সাথে লক্ষ্য করলাম, নিয়ে আসা অভিযুক্তদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দুজনের একটি করে হাত প্লাস্টার করা অবস্থায় গলার সাথে ঝুলানো। এর মধ্যে একজন ষাটোর্ধ্ব মুরুব্বি। একজনের পুরো মাথায় ব্যান্ডেজ মোড়ানো। দ্রুত ডকের পাশে গিয়ে তাদের অবস্থা জানতে চাইলাম।

কাতর কন্ঠে তারা জানালেন, মধ্যরাতের পর থানায় রমনা জোনের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার আগমন ঘটে। যার নাম হারুন। তিনি এসেই তিনজনকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাঠি দিয়ে, বুট দিয়ে মারতে থাকে। উপর্যুপরি আঘাতে দুইজনেরই হাতের হাড় ভেঙে যায়। একজনের মাথা ফেটে যায়। মারতে মারতে ওই কর্মকর্তা ক্লান্ত হয়ে থেমে যান। কিছুক্ষণ পর একজন এসআই’কে আদেশ দেন কাঁচা মরিচ নিয়ে আসার জন্য। কাঁচা মরিচ নিয়ে আসলে অপেক্ষাকৃত কম বয়সের যুবকের চোখে মরিচ ভেঙে মেখে দেন। প্রায় অর্ধবেহুশ অবস্থায় ওই রাত কাটে তাদের। সকালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে কোর্টে হাজির করা হয় তাদের।

বিষয়টি আদালতের নজরে আনলে আদালত মামলার আইওকে এ বিষয়ে প্রশ্ন করলে আইও ভিন্ন বক্তব্য দেন। আইনজীবীগণ বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে সংশ্লিষ্ট ঘটনার প্রতিকারের জন্য আদালতে পিটিশন জমা দেন। সাথে বিশেষায়িত কোন হাসপাতালে তাদের চিকিৎসার জন্যও পিটিশন জমা দেন। আদালত শুধু কারাবিধি অনুযায়ী চিকিৎসার আদেশ দিয়ে চিকিৎসা সংক্রান্ত পিটিশনটি মঞ্জুর করেন।

এরকম লোমহর্ষক অনেক নারকীয় নির্যাতনের চাপা পড়া ইতিহাস আছে রমনা জোনের এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিকার এতদিন না পেলেও যেভাবেই হোক আজ তিনি ধরাশায়ী।

সর্বশেষ নিউজ