২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা ও পল্টন থানার পৃথক মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ও সিএমএম আদালত আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
২০১৩ সালে উত্তরা থানায় মামলার রায়ে ঢাকার মহানগর ১০ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফখরুল, সালাম ও নাইমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার বাকি ৩৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।
একই সময়ে পল্টন থানা এলাকায় বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, পল্টন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, থানা যুবদলের সাবেক নেতা লিওন হোসেন, উত্তম কুমার, ভাসানী জাহাঙ্গীর, মিজানুর রহমান, আরিফুল হক ও রুবেলকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন ঢাকা সিএমএম আদালতের হাকিম সাইফুল ইসলাম।
আদালতের বেঞ্চ সহকারী মাসুদ পারভেজ জানান, অনুপস্থিত থাকায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

