পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট। তাদের প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে রমজান শুরু হবে মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ তারিখে। এ সময় দেশটিতে বসন্ত ঋতু থাকবে।
দৈনিক খালিজ টাইমস জানিয়েছে, ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজানের মাসের শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।
তবে গত বছরের তুলনায় নতুন বছরে রোজা রাখার সময় তুলনামূলক অনেকটাই কম হবে।
আমিরাতের প্রথম রোজার সময় হবে ১৩ ঘণ্টা ১৬ মিনিট, আর শেষ রোজার সময় হবে প্রায় ১৪ ঘণ্টা। ২০২৩ সালে রোজা রাখার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।
তদের ক্যালেন্ডার অনুসারে এবারের রমজান মাস ২৯ দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে আমিরাতের শেষ রোজা হতে পারে ৯ এপ্রিল।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

