১ মে ২০২৬, শুক্রবার

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিকে ‘ভালোভাবে’ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়াকে ভালোভাবে নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না বলে দিল্লিকে সতর্ক করেছেন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিষয়টি উত্থাপন করেন।

পরে বিকালে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, সৌদিসহ বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব।

তৌহিদ হোসেন বলেন, এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। এটা আমি তাকে (প্রণয় ভার্মাকে) বলেছি। কারণ সরকারের অবস্থান এটাই।

‘এই আলোচনার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট এই সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন।’

উপদেষ্টা বলেন, এটার জবাব তিনি (হাইকমিশনার) কীভাবে দেবেন? তিনি তো ডিসাইড করতে পারবেন না। তিনি এ নিয়ে কিছু বলতে পারেন না বলে আমি মনে করি। রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে। তিনি যেটা পারেন, তার সদর দপ্তরে জানাবেন। আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন।

শেখ হাসিনার বিবৃতিকে কী হিসেবে দেখব—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরাসরি হোস্টাইল অ্যাক্ট হিসেবে বলছি না। কিন্তু এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, সেটাই তাকে বলার চেষ্টা করেছি। তবে সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে আমি কোনো কথা বলিনি।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আইন মন্ত্রণালয় বললে আমরা তাকে ফেরত আনবো। না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছু করার নেই।

এর আগে প্রণয় ভার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি ভারতের সঙ্গে সীমান্তে হত্যা বন্ধ, তিস্তার পানি বণ্টন চুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেন।

তৌহিদ হোসেন ভারতের হাইকমিশনারের কাছে বাংলাদেশে সংখ্যালঘুসহ বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকার সব ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তাদের বিরুদ্ধে কোনো সহিংসতা বা ভয়ভীতি সহ্য করা হবে না।

সর্বশেষ নিউজ