এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকায় শিক্ষা ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে শিক্ষকদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফেডারেশন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফেডারেশনের শরীয়তপুর জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩ হাজার ৫০০ জন নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষককে কোনো বেতন-ভাতা না দিয়ে এমপিওবিহীন করে রাখা হয়েছে। বিগত সরকার অনার্স-মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না করায় একদিকে যেমন এই সকল শিক্ষক এমপিওভুক্ত হতে পারছেন না, অন্যদিকে প্যাটার্ন বহির্ভূত শিক্ষক হিসেবে কলেজ থেকে পূর্ণস্কেলে বেতন দেওয়ার কথা থাকলেও কলেজভেদে ২ হাজার থেকে ১০ হাজার টাকার বেশি কখনই দেওয়া হয়নি। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, নূরে আলম মিয়া, মোঃনাজমুল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃসাইফুর রহমান, মোঃ খোরশেদ আলম, নাসরিন আক্তার, মোঃ আযম খান, মোঃ ফারুক হোসেন, নিলুফা ইয়াসমিন, শাহনাজ পারভীন প্রমুখ।
মানববন্ধন শেষে শরীয়তপুর জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত আবেদন তুলে দেন তারা।

