গত ৫ দিন আগে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাকড হয়েছে। কিন্তু এখনো সেটি উদ্ধার করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।
বিমান সূত্র জানায়, গত শুক্রবার বিমানের ইমেইল সার্ভার র্যানসমওয়্যারে আক্রান্ত হয়।
র্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।আর এর মাধ্যমে বিমানের ইমেইল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা ।
এরপর সেই সার্ভার ফেরত দিতে বিপুল পরিমাণ অর্থ দাবি করে তারা। এর জন্য হ্যাকাররা ১০ দিন সময় বেঁধে দিয়েছে ।আর তা না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে ।
গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।
বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে ।
সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা।
জবাবে তিনি বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।
এদিকে হ্যাকাররা বিপুল পরিমাণ অর্থ দেওয়া না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
(এইদিন এইসময়/২২মার্চ/তানিয়া)

