ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা—কর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে এসে জড়ো হন। বৃষ্টির মধ্যেও তারা বিক্ষোভ অব্যাহত রাখেন। অবরোধের কারণে শাহবাগ, পলাশী, বাংলামোটরসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলে। তাদের কণ্ঠে উঠে আসে—
আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?, সাম্য ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সুষ্ঠু বিচার চাই, ঘাতকের শাস্তি চাই।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। প্রশাসন আমাদের বিভ্রান্ত করছে। বিচার নিশ্চিতে আন্দোলন চালিয়ে যাব।
এর আগে ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

