বঙ্গোপসাগরের উত্তর—পশ্চিমাংশ ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায় থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও সতর্কতা জারি করা হতে পারে।

