১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার

বিসিবি থেকে বাদ পড়লেন ফারুক আহমেদ, দেশত্যাগের গুঞ্জনে মিলল সঠিক তথ্য

স্পোর্টস ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গেল বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতির দায়িত্ব হারিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন বাতিলের পর গঠনতন্ত্র অনুযায়ী তাকে পদ ছাড়তে হয়। এ ঘটনার পরপরই শুরু হয় ফারুকের দেশত্যাগ নিয়ে গুঞ্জন, তবে একাধিক সূত্র জানিয়েছে—তিনি এখনো বাংলাদেশেই অবস্থান করছেন।

বিপিএল খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে ওঠা বিতর্কের প্রেক্ষিতে এনএসসি একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনে বিসিবি সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসে। এতে বিসিবির আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে এনএসসিকে চিঠি দেন।

পরবর্তীতে এনএসসি নিজ কোটার পাঁচ পরিচালক থেকে ফারুককে বাদ দিয়ে সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়। যার ফলে গঠনতন্ত্র অনুযায়ী, বুলবুল এখন বিসিবির পরিচালক এবং পরবর্তী সভাপতি হওয়ার সুযোগ পাচ্ছেন।

আজ শুক্রবার বিকেলে সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় প্রথমে আমিনুলকে পরিচালক এবং পরে তাকে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর এনএসসি তাদের সাবেক দুই কাউন্সিলরকে বাদ দিয়ে ফাহিম ও ফারুককে মনোনয়ন দেয়। সেই পথ ধরে ফারুক সভাপতি হয়েছিলেন, কিন্তু তার এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই একই পথে এবার তাকে বিদায় নিতে হলো।

সর্বশেষ নিউজ