নির্বাচনের পর ড. ইউনূসের খ্যাতিকে কাজে লাগানোর পরামর্শ মারুফ কামালের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আগামী জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসে খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগানো যেতে পারে—এমন মত দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ড. ইউনূসের বিশ্বজোড়া পরিচিতি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোস্টে তিনি নির্বাচন-পরবর্তী একটি জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, এই সরকার গঠন ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে একত্রিত করার মাধ্যমে সম্ভব। দ্বন্দ্ব ও সংঘাত এড়াতে রাজনৈতিক ঐক্যকে তিনি সময়োপযোগী সমাধান হিসেবে দেখেন।

সরকার ও বিরোধী দলের কাঠামো সম্পর্কেও তিনি নিজের মতামত প্রকাশ করেন। তার মতে, লিবারাল বামপন্থী রাজনৈতিক নেতারা—যেমন মাহমুদুর রহমান মান্না, আ স ম রব, সাকি, সাইফুল হক প্রমুখ—বিএনপির সঙ্গে সরকারে থাকতে পারেন, আর ইসলামপন্থীদের বিরোধী দলের ভূমিকায় রাখা যেতে পারে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে, তিনি মনে করেন, রাজনৈতিক সংকীর্ণতা ও আত্মকেন্দ্রিক মানসিকতা পরিহার করে সবাই মিলে ছাত্র-গণঅভ্যুত্থানের অর্জনকে টেকসই করতে হবে।

মারুফ কামাল তার লেখার শেষাংশে বলেন, এই চিন্তাগুলো অবাস্তব বা কল্পনাপ্রসূত নয়। বরং এখন সময় এসেছে বাস্তবতাকে স্বীকার করে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যের পথে হাঁটার।

সর্বশেষ নিউজ