ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু চরাতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজের পর দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার (৩১ মে) সকালে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মিনার আলীর দুই মেয়ে—মারিয়া (১১) ও তানিয়া (৮)। জানা গেছে, কিছুদিন আগেই তাদের বাবা বিদেশে গেছেন। চার ভাইবোনের মধ্যে তারা ছিল বড় দুইজন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো গরু চরাতে বাড়ি থেকে বের হয় মারিয়া ও তানিয়া। মাঠে গরু আনতে গিয়ে খেলার ছলে তারা সাঁতরে বিলের এক পাশে যাওয়ার চেষ্টা করে। বিকেলে আকাশ মেঘলা হয়ে উঠলে তারা গরু নিয়ে ফেরার পথে বেড়িবাঁধ এলাকায় পানিতে পড়ে যায়। স্রোতের তীব্র টানে দুই বোনই নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। শনিবার সকালে বিলের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
নিহতদের চাচা দুলাল মিয়া জানান, “গরু আনতে গিয়ে ফেরার পথে স্রোতের পানিতে পড়ে ডুবে যায় মারিয়া ও তানিয়া। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করেছে লাশ উদ্ধারে। পরে সকালবেলা মরদেহ পাওয়া যায়।”
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। তদন্ত শেষে নিয়ম অনুযায়ী দাফনের অনুমতি দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন জানান, “রাতে খবর পাওয়ার পরই এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়। সকালে ডুবুরি দল আসার আগেই মরদেহ পানিতে ভেসে ওঠে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।”

