বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২১ জুন রাজধানী ঢাকায় একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। সমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে দলটি জানিয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কাছে প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করেছে দলটি।
শনিবার (৩১ মে) জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য আবেদন করেছি। আমাদের শীর্ষ নেতারা সেখানে বক্তব্য রাখবেন এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, উদ্যান বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছি। সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।
গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দেশের ক্ষমতা পরিবর্তনের পর জামায়াতে ইসলামীর এটি হতে যাচ্ছে ঢাকায় প্রথম বড় সমাবেশ। এর আগে রাজধানীতে বিএনপিসহ অন্যান্য দল বেশ কিছু সমাবেশ করলেও জামায়াতের তৎপরতা ছিল তুলনামূলক কম।
সম্প্রতি আপিল বিভাগের এক রায়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পেয়ে মুক্তি পান। মুক্তির পর তাকে সংবর্ধনা জানিয়ে জামায়াত হঠাৎই শাহবাগ মোড়ে এক সমাবেশ করে।
২১ জুনের সম্ভাব্য সমাবেশকে ঘিরে রাজধানীর রাজনীতিতে নতুন আলোচনার সূচনা হয়েছে।

