সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আগামী রোববার। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ হিসেবে আখ্যায়িত করেন এবং জানান, ডিসেম্বরের মধ্যে এই বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হবে।
তিনি বলেন, আমরা বিচারপ্রক্রিয়া দ্রুত ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে এগিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত ১০ থেকে ১৫টি গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদনগুলো জুন মাসে জমা দেওয়া হবে।
জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার ও অনুগত বাহিনীর গুলিতে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারান। এই ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উসকানিসহ পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তিনি দেশত্যাগ করে ভারতে যান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এই সরকারের অধীনেই চলছে মানবতাবিরোধী অপরাধের বিচার।

