ঈদের দিনে বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও টানা ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এবারের কুরবানির ঈদ উপলক্ষে ১০ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের এই ছুটিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জনমনে আগ্রহ দেখা দিয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ২ জুনের পর থেকে সারাদেশে সাপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে।

সাম্প্রতিক সময়ে দেশের আটটি বিভাগেই থেমে থেমে বা টানা বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৭ মে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল, তার ফলেই এই বৃষ্টিপাত ঘটছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, সেই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে একটি গভীর নিম্নচাপে রূপ নেয় এবং গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আগামীকাল সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ২ জুনের পর বৃষ্টি কিছুটা কমলেও তা পুরোপুরি থামবে না।”

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনার বিষয়ে আবুল কালাম মল্লিক জানান, “সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যাবে তিন দিন আগে।” তিনি যোগ করেন, “এই সময়টাতে গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে, কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে।”

আগামী ৭ জুনের পর দেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু অংশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ নিউজ