২০২৫—২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট আগামী ২ জুন পেশ করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এই বাজেট পেশ হবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির সরাসরি সম্প্রচারে। নির্বাচিত সরকার না থাকায় এটি একটি বিশেষধর্মী আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বাজেটে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় এবং সাধারণ ব্যবহার্য পণ্যে শুল্ক ও ভ্যাট বৃদ্ধির প্রস্তাব আসতে পারে, যা সরাসরি বাজারে দাম বাড়িয়ে দেবে। এতে জনসাধারণের জীবনে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যেসব পণ্যে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে:
ফ্রিজ ও এসি
রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে বিদ্যমান ভ্যাট অব্যাহতি তুলে নেওয়া হতে পারে। এতে দেশীয় উৎপাদিত ফ্রিজ—এসির দাম বাড়বে এবং বিদেশি পণ্যের চাহিদা বাড়তে পারে।
মোবাইল ফোন
দেশীয় উৎপাদনে ব্যবহৃত উপকরণে ভ্যাট ২—২.৫% বাড়ানোর প্রস্তাব থাকায় মোবাইল ফোনের দাম বাড়তে পারে।
শেভিং ব্লেড
সেলুনে ব্যবহৃত ব্লেড তৈরিতে ভ্যাট ৫% থেকে ৭% করার প্রস্তাব রয়েছে, ফলে দাম বাড়বে।
বাস ও ট্রাক
চেসিস আমদানির পর দেশে বডি তৈরির ওপর ৫% ভ্যাট আরোপ হতে পারে, যা এই যানবাহনের মূল্য বাড়িয়ে দেবে।
টেবিলওয়্যার ও হাইজিন পণ্য
প্লাস্টিকের তৈরি রান্নাঘর ও টয়লেট পণ্যে ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার পরিকল্পনা রয়েছে।
সুতা ও টেক্সটাইল
দেশীয় কটন ও সিনথেটিক সুতার ওপর সুনির্দিষ্ট কর ৩ টাকা থেকে ৫ টাকা করার প্রস্তাব রয়েছে।
রড ও নির্মাণসামগ্রী
স্ক্র্যাপ ও অন্যান্য কাঁচামালের ওপর শুল্ক বাড়ানো হচ্ছে, ফলে নির্মাণ কাজে ব্যবহৃত রডের দাম বাড়তে পারে।
হেলিকপ্টার
নতুনভাবে হেলিকপ্টার আমদানিতে ১০% আমদানি শুল্ক বসানো হতে পারে।
কসমেটিকস
লিপস্টিক, আইলাইনার, ফেসওয়াশসহ বিভিন্ন সৌন্দর্য পণ্যে শুল্কায়নের ন্যূনতম মূল্য দ্বিগুণ করা হচ্ছে, ফলে দাম বাড়বে।
বিদেশি চকোলেট ও খেলনা
চকোলেটের ট্যারিফ মূল্য ৪ ডলার থেকে ১০ ডলারে এবং খেলনার ট্যারিফ মূল্যও বাড়ানো হচ্ছে।
মার্বেল—গ্রানাইট
বাসাবাড়ির মেঝেতে ব্যবহৃত পাথরে শুল্ক ২০% থেকে ৪৫% করার প্রস্তাব রয়েছে।
রিকশার ডিসি মোটর
ব্যাটারিচালিত রিকশায় ব্যবহৃত ৭৫০ ওয়াট মোটরে আমদানি শুল্ক ১% থেকে ১৫% করার কথা বলা হয়েছে।
আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে:
মাখন, স্ক্রু, নাট—বল্টু, বৈদ্যুতিক লাইন হার্ডওয়্যার
দরজার তালা, প্লাস্টিকের ডিসপোজেবল গ্লাস—বাটি—প্লেট
গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টিসামগ্রী
মোটরসাইকেল ও বাইসাইকেলের যন্ত্রাংশ
কাগজজাত পণ্য (সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড)
বিভিন্ন ধরনের বেভারেজ

