বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন যদি ডিসেম্বরের পর পিছিয়ে যায়, তাহলে দেশে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
ডা. মোশাররফ বলেন, সম্প্রতি জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে। তিনি বলেন, “ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু বিদেশে গিয়ে তিনি বলেছেন, নাকি শুধু বিএনপিই নির্বাচন চায়, অন্য কেউ চায় না—এই বক্তব্যে আমরা খুবই মর্মাহত।”
তিনি আরও বলেন, “বিএনপি স্পষ্টভাবে বলেছে, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। শুধু বিএনপি নয়, আরও ৫৪টি রাজনৈতিক দল নির্বাচন চায়।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএসপিপির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব কাদের গণি চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।

