যাত্রাপালার নায়িকা হতে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার বড়পর্দায় নতুন এক রূপে হাজির হচ্ছেন। চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়ে অভিনয় করছেন যাত্রাপালার এক নায়িকার চরিত্রে। সিনেমার নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’, পরিচালনায় রয়েছেন আসিফ ইসলাম। এরইমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং।

চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রাপালার একটি সেট বানিয়ে এই সিনেমার দৃশ্যধারণ করা হয়। ভাবনার পাশাপাশি এতে অভিনয় করেছেন আসল যাত্রাদলের শিল্পীরাও।

চরিত্রের প্রতি আন্তরিকতা দেখিয়েই নিজের শারীরিক পরিবর্তন এনেছেন ভাবনা। তিনি জানান, “আমার মনে হচ্ছিল, এই চরিত্র ঠিকভাবে ফুটিয়ে তুলতে হলে ওজন বাড়ানো জরুরি। না হলে দর্শক চরিত্রটাকে বিশ্বাস করবে না। তাই নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেই ৯ কেজি ওজন বাড়ানোর।”

এর আগে পরিচালক আসিফ ইসলাম ‘নির্বাণ’ চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন, যা ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নেয়।

নতুন সিনেমাটি নিয়ে পরিচালক আসিফ বলেন, “শৈশব থেকেই আমি যাত্রার ভক্ত। গ্রামে বড় হয়েছি যাত্রার আলো—সাজ—সংগীত দেখে। সেই প্রেম থেকেই যাত্রা নিয়ে একটি গল্প বানানোর ইচ্ছা বহুদিনের। অবশেষে এবার সেটা সম্ভব হলো।”

তিনি আরও বলেন, “২০১৮ সালে আবার যাত্রা দেখার সুযোগ পাই—পালাটি ছিল নবাব সিরাজউদ্দৌলা। সেই যাত্রা আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। তবে তখনই বুঝতে পারি, যাত্রার চেহারা বদলে গেছে। দর্শকের রুচি বদলেছে। এখন প্রিন্সেস চরিত্র তুলে ধরা হয় ভিন্নরকম নাচের জন্য। সেই ভাবনা থেকেই সিনেমার গল্প।”

পরিচালকের ভাষায়, “আমি মঞ্চে উঠে সেই পরিবেশটা অনুভব করি, কিন্তু মনে গল্প গেঁথে যায়। সেই হারিয়ে যাওয়া যাত্রার লড়াই, টিকে থাকার সংগ্রাম আর নতুন রূপে নিজেকে উপস্থাপন করার চেষ্টার গল্পই বলেছি এই সিনেমায়।”

সর্বশেষ নিউজ