রাষ্ট্র সংস্কার ও সংলাপ নিয়ে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্র সংস্কার নিয়ে দ্বিতীয় দফার সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আজ সোমবার (২ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই সংলাপে চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রম, তার অগ্রগতি এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা হবে। এতে রাজনৈতিক দলগুলোর মতামত ও সুপারিশ মূল্যায়ন করা হবে।

বৈঠকে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা সংস্কারের পক্ষে। আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসর হওয়াই এখন সময়ের দাবি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাপান সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কার ও বিদেশি বিনিয়োগ নিয়ে নানা অগ্রগতির কথা জানিয়েছেন। মাতারবাড়ি প্রকল্পসহ ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা ও ৬৪১ মিলিয়ন ডলার রেল প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

এছাড়া প্রতিবছর ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে জাপান আগ্রহ প্রকাশ করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করার দিকেও অগ্রগতি হয়েছে।

গুম কমিশন সম্পর্কেও জানানো হয়, এটি দিনে—রাতে কাজ করছে এবং খুঁটিনাটি তথ্য যাচাই করে জাতীয়ভাবে স্বচ্ছতা আনার চেষ্টা করছে।

প্রসঙ্গত, এর আগে ১৯ মে রাষ্ট্র সংস্কার নিয়ে প্রথম দফার আলোচনা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। আজকের বৈঠক সেই আলোচনার ধারাবাহিকতা।

সর্বশেষ নিউজ