জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি সোমবার (২ জুন) বিকেলে জাতির উদ্দেশে ২০২৫—২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন।
অর্থ উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এই আন্দোলনের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে।” এছাড়া, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের কাজ চলছে বলেও জানান তিনি।
নীতিমালা ও ভাতার পরিকল্পনা:
অর্থ উপদেষ্টা জানান, শিগগিরই শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা প্রদানে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে। সেই সঙ্গে, তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ:
২০২৫—২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে পেনশন ব্যতীত বরাদ্দ হবে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা বলেন,
বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ার লক্ষ্যে এবারের বাজেট পরিকল্পনা করা হয়েছে। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য সামনে রেখেই এই বরাদ্দসমূহ রাখা হয়েছে।

