জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গল ও শান্তির জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি হাইকোর্টসংলগ্ন ঈদগাহ মাঠে প্রথম সারিতে বসে ঈদের নামাজ আদায় করেন এবং খুতবার পর মোনাজাতে অংশ নেন।
নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আরও তিনজন উপদেষ্টার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন ড. ইউনূস।
সবার উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন:
“সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”
এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে ঈদগাহ ত্যাগ করেন। উপস্থিত মানুষও তাকে শুভেচ্ছা জানান। কারও কারও কণ্ঠে শোনা যায়, “স্যার আপনাকে ৫ বছর চাই।”
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। ইমামতি করেন খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জামাতে অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ কূটনীতিক, বিচারপতি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

