১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

চীনের তীব্র বার্তা: ইরানে হামলায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে এক বিপজ্জনক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে চীন। বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রোববার (১৫ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধানে এখনো কূটনৈতিক পথ খোলা রয়েছে। এমন সময় বলপ্রয়োগের মাধ্যমে ইরানে হামলা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, “বলপ্রয়োগ কখনোই টেকসই শান্তি নিশ্চিত করতে পারে না।”

ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে তিনি জানান, “ইরানে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে।” আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলাপে তিনি বলেন, “ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি আঘাত করা হয়েছে। চীন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

এই অবস্থান স্পষ্ট করার পেছনে একটি বড় প্রেক্ষাপট রয়েছে—ইরান সম্প্রতি ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ এর আওতায় ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তেলআবিব, হাইফাসহ বিভিন্ন শহরে প্রাণহানি ঘটেছে। হামলায় নিহত হয়েছে অন্তত ১৫ জন এবং আহত হয়েছে শতাধিক।

বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের ওপর ইসরায়েলের নির্দিষ্ট হামলা আন্তর্জাতিক রাজনীতিতে আরও উত্তেজনার জন্ম দিয়েছে। এ প্রেক্ষাপটে চীন আবারও নিজেকে সম্ভবত একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে উপস্থাপন করছে। এর আগেও ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক পুনঃসম্পর্ক স্থাপনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

চীন তার অবস্থান বারবার পরিষ্কার করেছে—বহুপক্ষীয়তা এবং সংলাপের মাধ্যমেই আন্তর্জাতিক সমস্যার সমাধান হওয়া উচিত।

সর্বশেষ নিউজ