বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী জনগণের জন্য খুশির খবর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসীদের যাত্রা আরও সাশ্রয়ী ও নির্বিঘ্ন করতে সংস্থাটি ঘোষণা করেছে বিশেষ ‘রেয়াতি ভাড়া’।
সোমবার (১৬ জুন) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সৌদি আরব ও মালয়েশিয়াগামী যাত্রীদের জন্য আগে থেকেই চালু থাকা ‘ওয়ার্কার ফেয়ার’ সুবিধার পাশাপাশি এবার আরও কয়েকটি নতুন রুটে এই বিশেষ ছাড় চালু করা হয়েছে।
নতুন যুক্ত হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমান। এসব রুটে যাত্রার জন্য রেমিট্যান্সযোদ্ধারা এখন থেকে ওয়ার্কার ফেয়ারে একমুখী (ওয়ানওয়ে) টিকিট কাটতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সে বিবেচনায় তাদের সম্মান ও সুবিধা নিশ্চিত করতে সংস্থাটি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
ঘোষিত বিশেষ রেয়াতি ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

