জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস-চেয়ারম্যান গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (১৭ জুন) সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে। রাজধানীর সেনা সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে গ্রাজিনা বারানোভস্কা কিছু সেনা সদস্যের বিরুদ্ধে অতীতে র্যাব, ডিজিএফআই ও বিজিবির মতো সংস্থায় দায়িত্ব পালনকালীন সময়ে ওঠা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, এই ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট বাহিনীর অধীনে নিয়ন্ত্রিত থাকেন এবং তাদের কার্যক্রম বাহিনীর নীতিমালার মধ্যে থেকেই পরিচালিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক তদন্তে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

