ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ জুন (বুধবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরান—ইসরায়েল সংঘাত এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে। টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েল হামলা চালিয়েছে তেহরানের উপকণ্ঠে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে, যা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, সংবাদমাধ্যমসহ একাধিক কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী। খোজির কারখানায় ২০২৩ সালের অক্টোবরেও ইসরায়েল হামলা চালিয়েছিল।
এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “ইরানকে এখনই নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে।” তার দাবি, ইরানের আকাশসীমা এখন পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে।
অবশ্য ইরান এখনও পিছু হটেনি। বরং ‘অপারেশন ট্রু প্রমিস—৩’ চালিয়ে ইসরায়েলের আয়রন ডোমসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, “মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমাদের জবাব হবে কঠোর—দয়া নয়।”
এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট হয়েছে, যুদ্ধবিরতি নয়—বরং আরও তীব্র সংঘাতের দিকেই এগোচ্ছে ইরান—ইসরায়েল সম্পর্ক।

