দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ এক যুগ পর দলটি আবারও নিবন্ধিত রাজনৈতিক দলের স্বীকৃতি পেল।
মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯০বি ধারার আওতায় নিবন্ধনের জন্য আবেদন করে ২০০৮ সালে নিবন্ধনপ্রাপ্ত হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী (নিবন্ধন নম্বর ০১৪)। কিন্তু ২০১৮ সালে হাইকোর্টের রায় অনুযায়ী ইসি দলটির নিবন্ধন বাতিল করে।
পরে আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে দিলে, জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ৪ জুন অনুষ্ঠিত সভায় দলটির নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তিন সপ্তাহের মধ্যেই ইসি প্রজ্ঞাপন জারি করে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। জামায়াতের প্রতিনিধিদল শিগগিরই প্রতীকসহ নিবন্ধন সনদ নিতে কমিশনে যাবেন বলে জানা গেছে। বর্তমানে দলটির দাঁড়িপাল্লা প্রতীক ইসির সংরক্ষিত তালিকায় না থাকায় তা পুনঃসংযোজনের জন্য বিধিমালা সংশোধনের কাজ চলছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীকসহ নতুন কিছু প্রতীক যুক্ত করে সংশোধনী প্রকাশ করা হবে। বর্তমানে সংসদ নির্বাচনের জন্য ৬৯টি প্রতীক অনুমোদিত, তবে প্রস্তাবিত প্রতীক মিলিয়ে মোট সংখ্যা ১১৫-এ উন্নীত হতে পারে।

