রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা যুদ্ধবিরতির জন্য কাকুতি-মিনতি করছে— তাও আবার কোনো শর্ত ছাড়াই। অথচ এক সময় তারাই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছিল।
প্রিমাকভ রিডিংস’ সম্মেলনে তিনি বলেন, কীভাবে সবকিছু শুরু হয়েছিল, সেটা মনে করুন। বলা হচ্ছিল, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে হবে। তারা প্রচণ্ড উত্তেজিত ছিল। এখন তারাই যুদ্ধবিরতির অনুরোধ করছে।
তিনি আরও বলেন, এই প্রস্তাবই কয়েক বছর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তখন তিনি বলতেন, রাশিয়ার বিরুদ্ধে জয়ের কোনো বিকল্প নেই।
ল্যাভরভ বলেন, “পশ্চিমাদের কৌশলগত ব্যর্থতা এখন চোখে পড়ার মতো। তবু ইউরোপ এখনও বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের অবস্থান স্থির নয়, বারবার বদলে যাচ্ছে।
তিনি দাবি করেন, ইউক্রেন সংকট নিয়ে শুরু থেকেই রাশিয়ার অবস্থান স্পষ্ট ও অটল ছিল। সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট পুতিন আমাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন, যোগ করেন তিনি।
রুশ কূটনীতিক ইয়েভগেনি প্রিমাকভের স্মরণে আয়োজিত ‘প্রিমাকভ রিডিংস’ সম্মেলনে প্রতি বছর বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়ে থাকে।

