বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে তাঁরা এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও চলমান সংস্কার প্রক্রিয়ায় জার্মান সরকারের অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, মানবাধিকারসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
দু’পক্ষই আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বাংলাদেশ সরকারের সহযোগিতা ও আতিথেয়তার প্রশংসা করে বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি দেশের গণতান্ত্রিক চেতনা ও উন্নয়নপ্রবাহে অভিভূত হয়েছেন।
উভয়পক্ষ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও দৃঢ় ভিত্তির ওপর গড়ে উঠবে এবং নতুন সহযোগিতার পথ তৈরি হবে।

