অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ফলে গাজায় চলমান আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে।
শুক্রবার (২৭ জুন) আল জাজিরা ও রয়টার্সের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের টানা বোমা হামলায় এই প্রাণহানি ঘটেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

