সংবাদ হোক মানুষের কল্যাণে, চাঁদপুর দিগন্তের বর্ষপূর্তিতে সুধীজনের আশাবাদ

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

গত ১৯ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দৈনিক চাঁদপুর দিগন্ত তার প্রকাশনা অব্যাহত রেখেছে। মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে। আশাকরি পত্রিকাটি ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাবে। সত্য উদঘাটনে কাজ করবে। দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্টজনরা এমন মন্তব্য‌ই করেছেন ।

শনিবার (২ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদ।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খাঁন, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ হোসেন, চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শোয়ায়েব, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাকসুদুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এএসএম মিজানুর রহমান খান ও এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, সত্য ন্যায় ও কল্যাণের পক্ষে দৈনিক চাঁদপুর দিগন্ত ধারাবাহিকতা বজায় রাখবে সে বিশ্বাস রয়েছে। আমি অভিভূত আপনাদের শিরোনাম দেখে। ইতিমধ্যে পত্রিকাটির স্লোগান দেখেই বুঝা যায় তারা তা পারবে।”সত্য প্রকাশে অবিচল” এটি একটি আদর্শিক অঙ্গীকার। তিনি আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে চাঁদপুর দিগন্ত ভূমিকা রেখে যাবে। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতিতেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, একজন শিক্ষক ও শিক্ষানুরাগী হিসেবে প্রত্যাশা করি, শিক্ষা গবেষণা নৈতিকতা ও প্রযুক্তি নির্ভর সংবাদ প্রকাশনায় চাঁদপুর দিগন্ত আরও এগিয়ে যাবে।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মোসাদ্দেক আল আকিব এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুস সালাম।

সর্বশেষ নিউজ