বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, জনগণের শক্তি, সমর্থন এবং দলের আদর্শ নিয়ে বিএনপি এখন ক্ষমতার দ্বারপ্রান্তে। এ সময়ে দলকে সবচেয়ে বেশি দরকার ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের পাশে থাকা। বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেটিকে শক্তিতে রূপ দিতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে মোহাম্মদ আলী গ্রুপের বিজয় র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে যিনি দলীয় মনোনয়ন পাবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা আইন উদ্দিন এবং সঞ্চালনা করেন গোলাম মোর্শেদ রঞ্জু। এতে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, অবিভক্ত মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কলেজ সংসদের সাবেক জিএস মামুনুর রশিদ টিয়া, সাবেক বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আজিজ, খলিল মাস্টারসহ আরও অনেকে।
এর আগে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে জমায়েত হন। সেখান থেকে বিজয় র্যালি বের হয়ে ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
একই দিনে বিকেলে মধুপুর পৌর শহরেও বিএনপি মোহাম্মদ আলী গ্রুপের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদের নেতৃত্বে মধুপুরে মিছিল বের হয়। বিকেল চারটায় ধনবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপও পৃথক র্যালি বের করে এবং দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশ শুরুর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ সাজিদের কবর জিয়ারত করেন ফকির মাহবুব আনাম স্বপন। এসময় মধুপুর ও ধনবাড়ীর বিএনপি নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

