১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা অভিযান চালিয়ে দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

পুলিশ জানায়, শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলের ৭ম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে তারা। ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে তার স্বামী ও মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে দুই নারীকে আটক করা হলেও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরও দুই নারী অভিযোগ করেন, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা এবং ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য আনুমানিক ৬৪ হাজার ৫০০ টাকা) ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।

তেজগাঁও থানা ও নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি যাওয়া মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, যুথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে সংঘবদ্ধ এই চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ নিউজ