বৈশাখ বাংলা বছরের প্রথম মাস। বাঙালির জীবনচক্রে ঘুরে আসে বার বার। বৈশাখের সাথে বাঙালির সংস্কৃতির প্রচুর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জড়িত। যদিও বাংলা বারো মাসের সাথে কোনো না কোনো সংস্কার জড়িয়ে আছে। দৈনন্দিন জীবনে এ সকল সংস্কার যতখানি না বিশ্বাসের সাথে সম্পৃক্ত তার চেয়ে বেশি জড়িত চিত্তবিনোদনের সাথে।
আমাদের জীবনে বৈশাখ মাসের প্রথম দিনটি বহুমাত্রিক গুরুত্ব বহন করে। বাঙালির স্বকীয় সত্তার স্ফুরণ ঘটে বৈশাখের প্রথম দিনটিতে। যদিও জীবনাচরণের পরিবর্তন, ধর্মীয় চেতনা অনুপ্রবেশের অতিরঞ্জন, গ্রামীণ জনপদে নাগরিক জীবন তরঙ্গের অভিঘাত এবং কৃষিক্ষেত্রে যান্ত্রিকতার মাত্রাতিরিক্ত অনুপ্রবেশ বাঙালির জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। তাছাড়া সংস্কৃতি লালনের নামে কিম্ভূতকিমাকার সংস্কৃতির চর্চা বৈশাখের রূপকে মলিন করে ফেলেছে।
পয়লা বৈশাখকে কেন্দ্র করে কেমন ছিল আমাদের জীবনের রূপ। কেমন ছিল বাঙালির দৈনন্দিন জীবনে পয়লা বৈশাখের প্রভাব তা রীতিমতো গবেষণার বিষয়। আজকের দিনের মতো আগেকার দিনে মানুষের জীবন এত স্বচ্ছন্দ ছিল না, কিন্তু অভাব-অনটন আনন্দকে ম্লান করতে পারত না।
সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ, নববর্ষ ১৪৩০। মঙ্গল শোভাযাত্রায় ছিল অসাম্প্রদায়িক চেতনার ছাপ।

