ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, এই বছর শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আগের মতো সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবটি নির্বিঘ্নে উদযাপিত হবে।”
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ জানান, ঢাকা মহানগরীতে এ বছর ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আলাদা ট্রাফিক ব্যবস্থাপনাও গড়ে তোলা হবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার সবাইকে রাস্তাঘাটের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং অগ্নি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ প্রদান করেন। অপরদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম মণ্ডপগুলো যাতে সম্পূর্ণরূপে নিরাপদ থাকে তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিরাপত্তা প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ অন্যান্য হিন্দু ধর্মীয় সংগঠন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

