ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’—এই স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দীর্ঘ চার দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদপ্রকাশে কাজ করে যাচ্ছে। জাতির প্রতিটি ক্রান্তিকাল ও আন্দোলনে ডুজা গোটা জাতি, বিশেষ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সত্য ও সাহসের সাথে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী দমন-নির্যাতনের সময় গভীর রাতেও ডুজার সদস্যরা এগিয়ে এসেছেন। সত্য প্রকাশে পিছপা হননি কখনো। জুলাই বিপ্লবের উত্তাল সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও নয় দফা দাবি সংবাদমাধ্যমে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা রেখেছেন। জুলাইয়ের প্রতিটি সংগ্রামী অধ্যায়ে ডুজার ভূমিকা ছিল অগ্রগণ্য।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ডুজার সব প্রজন্মের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সাদিক কায়েম লিখেছেন, আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও ডুজার সদস্যরা বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার সঙ্গে আমাদের পথ দেখাবে, ভুল ধরিয়ে দেবে এবং শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগী হবে।

